ঢাকা, বুধবার, ২৭ মে, ২০২৬

আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

ads

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেন, হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা ও দায়িত্বহীনতার কারণেই এ মর্মান্তিক ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।


স্বাস্থ্যমন্ত্রী জানান, ঘটনার কারণ অনুসন্ধানে ইতিমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, একটি হাসপাতালের অব্যবস্থাপনা ও গাফিলতির কারণে ছয়টি নবজাতকের প্রাণহানি অত্যন্ত বেদনাদায়ক। সরকার এ ধরনের অবহেলা কোনোভাবেই সহ্য করবে না।


স্বাস্থ্য খাতের সামগ্রিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে মন্ত্রী অভিযোগ করেন, পূর্ববর্তী সরকারের সময় স্বাস্থ্য খাতে ব্যাপক অনিয়ম ও লুটপাট হয়েছে, যার প্রভাব এখনো চিকিৎসা ব্যবস্থায় রয়ে গেছে। তিনি আরও বলেন, হাসপাতালগুলোতে জনবল সংকট, অব্যবস্থাপনা ও চিকিৎসাসেবার দুর্বলতার কারণে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছেন। পাশাপাশি হামসহ বিভিন্ন সংক্রামক রোগ বৃদ্ধির পেছনেও দীর্ঘদিনের অব্যবস্থাপনাকে দায়ী করেন তিনি।


এ সময় কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক সোহানা নাসরিন, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান, জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

ads
ads
ads

Our Facebook Page